উদ্ভিদ ও প্রাণীদেহের রেচন প্রক্রিয়া: সম্পূর্ণ ধারণা, অঙ্গসমূহ ও পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস

কোষে নিরন্তর ঘটে যাওয়া অপচিতি বিপাকীয় ক্রিয়ার ফলে বিভিন্ন প্রকার বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ তৈরি হয়। এই সমস্ত ক্ষতিকর বর্জ্য যদি সঠিক সময়ে শরীর থেকে নিষ্কাশিত না হয়, তবে কোষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং জীবের জীবন সংশয় পর্যন্ত হতে পারে। যে বিশেষ শারীরবৃত্তীয় ব্যবস্থার মাধ্যমে জীবদেহ থেকে এসব বিষাক্ত বর্জ্য অপসারিত হয়ে দেহের অভ্যন্তরীণ ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস (Homeostasis) বজায় থাকে, তাকে রেচন (Excretion) বলা হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় জীববিজ্ঞানের এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। আজকে আমরা উদ্ভিদ ও মানবদেহের রেচন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

 

1. রেচনের মৌলিক ধারণা ও গুরুত্ব (Concept and Significance of Excretion):

বিপাকের ফলে সৃষ্ট বর্জ্য দেহ থেকে বের করার প্রক্রিয়াই হলো রেচন। এটি একটি অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, কারণ এতে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। 

 

রেচনের মূল গুরুত্বসমূহ:

  • দেহের সুস্থতা রক্ষা: বিপাকজাত বিষাক্ত পদার্থ (যেমন- ইউরিয়া, অ্যামোনিয়া) দূর করে শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে।
  • জলের ভারসাম্য বজায় রাখা: দেহে জল ও ইলেকট্রোলাইটের মাত্রা সঠিক রাখে।
  • অ্যাসিড-ক্ষার সমতা: রক্তের pH এবং অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে।
  •  

A. উদ্ভিদের রেচন পদ্ধতি (Excretion in Plants)

উদ্ভিদদেহে প্রাণীদের মতো নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ বা বিশেষ রেচন তন্ত্র থাকে না। উদ্ভিদের বিপাকীয় হার ধীর হওয়ায় এদের উৎপন্ন বর্জ্যের পরিমাণও তুলনামূলকভাবে কম।

উদ্ভিদ কীভাবে বর্জ্য ত্যাগ করে?

উদ্ভিদ মূলত তিনটি উপায়ে তাদের বর্জ্য পদার্থ দেহ থেকে আলাদা করে থাকে:

১. পত্রমোচন (Leaf Fall): চিরহরিৎ বা পর্ণমোচী উদ্ভিদ তাদের পুরোনো বা পরিপক্ক পাতায় বর্জ্য পদার্থ জমা করে এবং নির্দিষ্ট সময়ে সেই পাতা ঝরিয়ে দেয়। (যেমন: আম, বট, চা ইত্যাদি)।

২. বাকল মোচন (Bark Exfoliation): কিছু গাছ তাদের কাণ্ড ও ডালের ছাল বা বাকলে বর্জ্য সঞ্চয় করে এবং ছাল খসিয়ে বর্জ্য ত্যাগ করে। (যেমন: অর্জুন, পেয়ারা)।

৩. ফলমোচন (Fruit Fall): কিছু উদ্ভিদ ফলে জৈব অ্যাসিড ও বর্জ্য জমা করে এবং পাকা ফল ঝরে পড়ার মাধ্যমে বর্জ্য নিষ্কাশন করে। (যেমন: তেঁতুলে টারটারিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড)।

উদ্ভিদের প্রধান রেচন পদার্থ ও অর্থনৈতিক গুরুত্ব:

উদ্ভিদের রেচন পদার্থগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়:

a) নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ:

1.উপক্ষার ও রজন (Resin): পাইন গাছের কাণ্ড ও পাতা থেকে সুগন্ধযুক্ত রজন নিঃসৃত হয়। এটি বার্নিশের কাজে, হিঙ্গ ও ধুনো হিসেবে ব্যবহৃত হয়।

2. গঁদ (Gum): বাবলা, সজনে গাছ থেকে নিঃসৃত দ্রবণীয় আঠা। এটি বই বাঁধাই ও প্রসাধনী শিল্পে লাগে।

3. তরুক্ষীর (Latex): বট, রবার, পেঁপে বা আকন্দ গাছের দুধের মতো সাদা রস। রবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয় এবং পেঁপের তরুক্ষীরে থাকা প্যাপাইন এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে।

b) নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ (উপক্ষার বা Alkaloids):

উপক্ষার বা Alkaloids টেবিল
উপক্ষারের নাম (Alkaloid)উৎস (Source)অর্থনৈতিক ও ভেষজ ব্যবহার (Uses)
রেসারপিন (Reserpine)সর্পগন্ধা গাছের মূলউচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
কুইনাইন (Quinine)সিঙ্কোনা গাছের ছালম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয়।
মরফিন (Morphine)আফিম গাছের কাঁচা ফলগাঢ় ঘুমের ওষুধ ও তীব্র যন্ত্রণা উপশমে লাগে।
অ্যাট্রোপিন (Atropine)বেলেডোনা গাছের পাতা ও মূলচোখের তারারন্ধ্র প্রসারণে ও স্নায়ু উদ্দীপনায় ব্যবহৃত হয়।
ডাটুরিন (Daturine)ধুতুরা গাছের পাতা ও বীজহাঁপানির ওষুধ তৈরিতে কাজে লাগে।
ক্যাফেইন (Caffeine)কফি গাছের বীজমানসিক অবশাদ দূর করতে ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনায় ব্যবহৃত হয়।
নিকোটিন (Nicotine)তামাক গাছের পাতামাদকদ্রব্য ও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়।

B.বিভিন্ন প্রাণী ও তাদের রেচন অঙ্গ :

বিভিন্ন প্রাণী ও তাদের রেচন অঙ্গ
প্রাণী / শ্রেণি (Animals / Group)রেচন অঙ্গের নাম (Excretory Organ)
এককোষী প্রাণী (অ্যামিবা, প্যারামেসিয়াম)সংকোচনশীল গহ্বর (Contractile Vacuole)
চ্যাপ্টা কৃমি (ফিতা কৃমি, প্ল্যানেরিয়া)ফ্লেম কোষ বা শিখা কোষ (Flame Cell / Protonephridia)
কেঁচো, জোঁক (অ্যানিলিডা)নেফ্রিডিয়া (Nephridia)
পতঙ্গ (আরশোলা, ঘাসফড়িং)মালপিজিয়ান নালিকা (Malpighian Tubules)
মেরুদণ্ডী প্রাণী (মানুষ, মাছ, পাখি)বৃক্ক বা কিডনি (Kidney)

মানবদেহের রেচন তন্ত্র (Human Excretory System) :

মানুষের রেচন তন্ত্র মূলত চারটি অংশ নিয়ে গঠিত:

১. এক জোড়া বৃক্ক (Kidneys)

২. এক জোড়া গবিনী (Ureters)

৩. একটি মূত্রাশয় (Urinary Bladder)

৪. একটি মূত্রনালি (Urethra)

A. বৃক্কের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন:

মানুষের উদর গহ্বরের পেছনের দিকে মেরুদণ্ডের দু-পাশে দুটি লালচে-বাদামি রঙের শিমবিচির মতো দেখতে বৃক্ক থাকে। প্রতিটি বৃক্কের ওজন প্রায় ১৫০ গ্রাম।

1. হাইলাম (Hilum): বৃক্কের অবতল অংশের খাঁজ, যেখান দিয়ে রক্তনালি ও গবিনী যুক্ত থাকে।

2. ক্যাপসুল: বৃক্কের বাইরের শক্ত তন্তুময় আবরণ।

3. কর্টেক্স ও মেডুলা: বৃক্কের বাইরের অঞ্চলকে কর্টেক্স এবং ভিতরের অঞ্চলকে মেডুলা বলে। মেডুলা অংশে ১০–১৫টি পিরামিডের মতো গঠন থাকে, যাদের রেনাল পিরামিড বলা হয়।

B. নেফ্রন (Nephron) - বৃক্কের কার্যকরী একক:

বৃক্কের আসল পরিশ্রুতকরণের কাজ সম্পন্ন করে সূক্ষ্ম নালিকাকার নেফ্রন। প্রতিটি মানবর্যাকে প্রায় 10-12লক্ষ নেফ্রন থাকে।

একটি নেফ্রন মূলত দুটি অংশে বিভক্ত:

1. মালপিজিয়ান কণিকা (Malpighian Corpuscle):

  • গ্লোমেরুলাস (Glomerulus): কৌশিক রক্তনালির একটি জালক, যা ছাঁকন যন্ত্র হিসেবে কাজ করে।
  • বোম্যান্স ক্যাপসুল (Bowman’s Capsule): গ্লোমেরুলাসকে গ্লাসের মতো ঘিরে রাখা অংশ।
  •  

2. বৃক্কীয় নালিকা (Renal Tubule):

  •  নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT): বোম্যান্স ক্যাপসুলের ঠিক পরের অংশ, যেখানে সর্বাধিক পুনঃশোষণ ঘটে
  • হেনলির লুপ (Loop of Henle): ইউ (U) আকৃতির বাঁকানো অংশ, যা জলের সাম্যতা বজায় রাখে।
  • দূরবর্তী সংবর্ত নালিকা (DCT): হেনলির লুপের পরের পেঁচানো নালি।
  • সংগ্রাহী নালিকা (Collecting Duct): বিভিন্ন নেফ্রন থেকে তৈরি মূত্র এখানে এসে জমা হয়।

মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ (Accessory Excretory Organs):

বৃক্ক ছাড়াও দেহের আরও কিছু অঙ্গ রেচনে সাহায্য করে:

  • যকৃত (Liver): অ্যামোনিয়াকে কম বিষাক্ত ইউরিয়ায় রূপান্তর করে (অরনিথিন চক্রের মাধ্যমে)। এছাড়া পিত্তরঞ্জক (বিলিরুবিন, বিলিভার্ডিন) ও অতিরিক্ত কোলেস্টেরল নিঃসৃত করে।
  • ফুসফুস (Lungs): শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড  এবং জলীয় বাষ্প নিঃশ্বাসের সাথে বের করে দেয়। 
  • ত্বক (Skin): ঘর্মগ্রন্থির মাধ্যমে অতিরিক্ত জল, সামান্য লবণ (NaCl) ও ইউরিয়া ঘাম হিসেবে বের করে দেয়। সিবেসিয়াস গ্রন্থি থেকে সেবাম নিঃসৃত হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Quick Facts (One-Liners):

  • বৃক্কের গঠনগত ও কার্যগত একক: নেফ্রন।
  • মূত্রের হলুদ রঙের কারণ: ইউরোক্রোম (Urochrome) নামক রঞ্জকের উপস্থিতি।
  • মূত্র ত্যাগের স্বাভাবিক পরিমাণ: একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে প্রায় ১.৫ লিটার মূত্র ত্যাগ করে।
  • ইউরিয়া তৈরির চক্র: অরনিথিন চক্র (Ornithine Cycle) যকৃতে ঘটে।
  • কিডনি পাথরের মূল উপাদান: ক্যালসিয়াম অক্সালেট (Calcium Oxalate)।
  • ADH হরমোনের ভূমিকা: এটি বৃক্কীয় নালিকায় জল পুনঃশোষণ বাড়াতে সাহায্য করে।